চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, জামায়াত ইসলামী একটা ভণ্ড রাজনৈতিক দল। আমার লজ্জা হয় এদের মতো একটি বিরোধীদল সংসদে। যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। যারা এদেশের মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। এ রকম একটি রাজনৈতিক দল বিরোধীদলের দায়িত্ব পালন করছে।
রোববার (১৯ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদয়ন মোড় আলাউদ্দিন হোটেল থেকে রেল স্টেশন গেট পর্যন্ত রাস্তা ইউনিব্লক দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের মেয়াদ হয়েছে মাত্র চার মাস। বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষামন্ত্রী যিনি বিগত খালেদা জিয়ার সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সেই সময় নকল নামের যে অভিশাপ ছিল সেটি তিনি মুক্ত করেছিলেন। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত ১০ বছরে, একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাকে ধ্বংস করে দেওয়া উচিত। শেখ হাসিনা জাতিকে ধ্বংস করে গেছেন। সর্বক্ষেত্রে ধ্বংস করে গেছেন।
তিনি বলেন, শিক্ষায় অটোপাস, বিনা লেখায় মার্ক বেশি দিয়ে ছাত্রদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। যার ফলে আজকের শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের ক্লাসে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন।
হারুনুর রশিদ বলেন, আজকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সরকারকে সহায়তা না করে জামায়াত ইসলামী উসকানি দিচ্ছে অছাত্রদেরকে। এনসিপির যারা আজকে পরিবর্তনের কথা বলছে, তারাও আজকে এই অবৈধ কর্মকাণ্ডের সাথে ইন্ধন দিচ্ছে। কিন্তু যতই ইন্ধন দাও বিএনপি আজকে বিপুল মেজোরিটি নিয়ে ক্ষমতায় আছে। সুতরাং এসব করে কোনো লাভ হবে ন।
শিক্ষাঙ্গণে শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে আজকে আপোশহীনভাবে প্রধানমন্ত্রী কাজ করবেন। জনগণ পাশে আছে ইনশাল্লাহ আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলার আব্দুল বারেক, মাসিদুল হক নিখিল প্রমুখ।
মো. আশিক আলী/এসএইচএ
