বিজ্ঞাপন

নেশার টাকার জন্য ভাগ্নের শখের সাইকেল চুরি, মামা গ্রেপ্তার

নেশার টাকার জন্য ভাগ্নের শখের সাইকেল চুরি, মামা গ্রেপ্তার

নাটোরের লালপুরে নেশার টাকা জোগাড় করতে আপন ভাগ্নের শখের বাইসাইকেল চুরির অভিযোগে জাহাঙ্গীর হোসেন ওরফে কালু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী থেকে প্রায় ২২ হাজার টাকা মূল্যের চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

রোববার (১৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৮ জুলাই) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় বোন মরিয়ম খাতুনের বাড়িতে বেড়াতে যান জাহাঙ্গীর। রাতে সবার অগোচরে তিনি ভাগ্নের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান। পরদিন মরিয়ম খাতুন জানতে পারেন, মাদক কেনার টাকা জোগাড় করতে তার ভাই বাইসাইকেলটি পাবনার ঈশ্বরদীতে বিক্রির চেষ্টা করেছেন। এ ঘটনায় শনিবার রাতে তিনি লালপুর থানায় ভাইয়ের বিরুদ্ধে চুরির মামলা করেন।

মামলার পরপরই পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী শহরের একটি বাসা থেকে চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেছেন, নেশার টাকা জোগাড় করতেই তিনি ভাগ্নের বাইসাইকেলটি চুরি করেছিলেন এবং ঈশ্বরদীতে বিক্রির চেষ্টা করছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আশিকুর রহমান/এসএইচএ 

বিজ্ঞাপন