বিজ্ঞাপন

পুকুরে ডুবে প্রাণ গেল দুই স্কুলশিক্ষার্থীর

পুকুরে ডুবে প্রাণ গেল দুই স্কুলশিক্ষার্থীর

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার পৌরসভার খরকী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো রোববারও নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে দুই শিশুর জুতা দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খেলাধুলার পর গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, নাহিয়ান ও ইয়াকুব প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত এবং বাড়ি ফিরত। সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, দুই শিশুই আজ বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তারা বাড়ি যাওয়ার কথা। বিকেলে তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। তারা খুবই মিশুক ও ভদ্র স্বভাবের ছিল। একজন শিক্ষক হিসেবে আমার দুই শিক্ষার্থীকে হারানোর শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা। স্থানীয়দের মধ্যেও গভীর শোকের আবহ বিরাজ করছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ থানাকে অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ হোসেন/এসএইচএ