বিজ্ঞাপন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : তিন আসামি ৫ দিনের রিমান্ডে

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : তিন আসামি ৫ দিনের রিমান্ডে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের ৪ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুৎফুন্নাহার এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহিদুল আলম জাহাঙ্গীর ও তার সহযোগী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে বরগুনার বামনা উপজেলার তিন বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের আগে তাদের ঢাকা থেকে ভাড়া করে মিঠামইনে আনা হয়েছিল। তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ঘটনার চারদিন পর গত ১৮ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিঠামইন থানায় নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা বহিরাগত। ঘটনার পরপরই আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যা তদন্তের জন্য ইতিবাচক দিক। আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডে বিস্তারিত জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নির্দেশদাতা কারা এবং এর পেছনের প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

তিনি আরও বলেন, দ্রুতই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এ ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সাখাওয়াত হোসেন হৃদয়/এসএইচএ