সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ তুলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি বলেছেন, দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়াই তার (শেখ হাসিনা) জন্য একমাত্র আইনি পথ। নিজেকে নির্দোষ দাবি করতে হলে আইনের কাঠামোর মধ্যেই তা প্রমাণ করতে হবে।
রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার সুযোগ দিয়েছিল। কিন্তু তিনি সেই সুযোগ নেননি। বর্তমানে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। পলাতক থাকা অবস্থায়ও তিনি নিয়মিত তার মামলার বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন।
তিনি বলেন, শেখ হাসিনা দাবি করছেন, তিনি বাংলাদেশ ছেড়ে যাননি এবং এখনো দেশের প্রধানমন্ত্রী। তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার কথাও বলছেন। এসব বক্তব্যের মাধ্যমে তিনি প্রতিনিয়ত প্রমাণ করেছেন যে, তার বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে তিনি সম্পূর্ণ অবগত।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার একটি নির্ধারিত সময়সীমা রয়েছে। সেই সময় অতিক্রম হয়ে গেলে বিলম্ব মওকুফের (ডিলে কনডোনেশন) আবেদন কীভাবে উপস্থাপন করা হবে, সেটিও একটি আইনি প্রশ্ন। তবে সরকার চায় তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হন এবং আইনি প্রক্রিয়ায় অংশ নিন।
আইনমন্ত্রী বলেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলাগুলোর বিচারকাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে ছয়টি মামলার রায় হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের শর্টকাট অনুসরণ করা হয়নি। সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হয়েছে। তিনি দেশে ফিরে এলে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. মুতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগরসহ অন্যান্যরা।
তাছিন জামান/এএমকে
