বিজ্ঞাপন

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক আটক

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক আটক

মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন- উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)। 

ভুক্তভোগী গৃহবধূ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী বসতঘরের দরজা খুললে কয়েক মিনিটের মধ্যে চার-পাঁচ যুবক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় প্রবাসীর স্ত্রী ধস্তাধস্তি ও চিৎকার দিতে থাকেন। একপর্যায়ে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। কিন্ত অন্যরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, এরা দুজনই ইয়াবাখোর ও ইয়াবা কারবারির সাথে জড়িত। তাদের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। এছাড়া আটকদের একজন বড়লেখা পৌরশহরের হার্ডওয়ার ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহারনামীয় আসামি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ধর্ষণ চেষ্টাকারি দুই যুবককে আটক করে রাখেন। পরে ভুক্তভোগী মহিলা ও তিনি আটকদের থানায় সোপর্দ করেছেন।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, আটকদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

এসএইচএ