বিজ্ঞাপন

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই বাংলা বাজার মসজিদ সংলগ্ন একটি বিলে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুকরারাই হাজী বাড়ির বাসিন্দা হাফেজ জাহেদ আলী মুন্সীর ছেলে আশরাফুল (৯) ও মেয়ে তুলনা (১৩)। তারা সম্পর্কে সৎ ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কুকরারাই বাংলা বাজার মসজিদের পাশের বিল সংলগ্ন হাঁটুসমান পানিতে আশরাফুল খেলাধুলা করছিল। একপর্যায়ে সে বিলের গভীর পানিতে চলে গিয়ে তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি দেখে তাকে বাঁচাতে বড় বোন তুলনা পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ছোট ভাইকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। 

বর্ষার পানিতে বিল ও পাশের জমি সমান মনে হওয়ায় গভীর অংশটি বোঝা যায়নি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়দের ভাষ্য, উদ্ধারকালে বড় বোন তুলনা ছোট ভাই আশরাফুলকে জড়িয়ে ধরেছিল। হৃদয়বিদারক এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কৈলাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কায়ছার এ হাবিব বলেন, খবর পেয়ে আমি নিহত দুই শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে।

বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, ঘটনাটি সম্পর্কে পরিবারের পক্ষ থেকে আমাদের কেউ অবহিত করেনি। আমরা সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। আমাদের না জানিয়েই লাশ দুটি দাফন করা হয়েছে। আমাদের জানানো হলে অপমৃত্যু মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হতো। সম্ভবত গ্রামের মানুষ বিষয়টি জানতেন না।

একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে গভীর শোক।

সাখাওয়াত হোসেন হৃদয়/জেআই

বিজ্ঞাপন