গাজীপুরে আদালত থেকে সম্রাট (২৭) নামে একাধিক মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য পালিয়ে গেছেন।
সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
এর আগে রোববার রাতে তাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতের গারদখানায় পাঠানো হয়। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
পালিয়ে যাওয়া ডাকাত সম্রাট জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের মো. দুলাল মন্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ, বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে নেওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছে আসামিকে বুঝিয়ে দিয়ে কাগজপত্র লেখালেখি হচ্ছিল। এ সময় হঠাৎ তিনি দৌড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় একটি মামলা হয়। পাশাপাশি আদালতকে অবহিত করা হয়েছে।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া সম্রাটকে গ্রেপ্তারে একাধিক পুলিশের টিম কাজ করছে।
আশিকুর রহমান/এএমকে
