সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিতর্কের জেরে যুবক ইলিয়াস খানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) বিকেলে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. রাসেল (৪২) এবং একই এলাকার মৃত আব্দুল মোমিন খানের ছেলে মো. সোহেল খান (৪০)। নিহত ইলিয়াস খান একই গ্রামের সাত্তার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে ওই মীমাংসা মেনে নিতে পারেননি প্রতিপক্ষের লোকজন। রাতে ইলিয়াস খান স্থানীয় একটি দোকানে বসে থাকার খবর পেয়ে অভিযুক্তরা সেখানে গিয়ে হামলা চালায়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ইলিয়াস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই রতন আলী বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযান চালিয়ে রাসেলকে সিরাজগঞ্জ শহর থেকে এবং সোহেল খানকে কামারখন্দ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার মূল অভিযুক্ত কিশোর সিয়াম আহমেদ এখনও পলাতক রয়েছে।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইলিয়াসের মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ ওই মামলায় গ্রেপ্তার হওয়া দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
মো. নাজমুল হাসান/এসএইচএ
