বিজ্ঞাপন

বাঁচাও চিৎকার শুনে এগিয়ে গিয়ে খুন হলেন বাবা

বাঁচাও চিৎকার শুনে এগিয়ে গিয়ে খুন হলেন বাবা

বগুড়ার শাজাহানপুরে মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রঞ্জু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে খোরশেদকে রক্ষা করতে তার দুলাভাই রঞ্জু ও রঞ্জুর ছেলে মো. জুবায়ের এগিয়ে যান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাথাড়ি হামলা চালায়।

এতে রঞ্জু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে আহত খোরশেদ আলম ও মো. জুবায়েরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ছেলে মো. জুবায়ের বলেন, আমি পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে যাই। গিয়ে দেখি ৮-৯ জন আমার বাবাকে মারধর করছে এবং জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে তারা আমার বাবাকে ছুরিকাঘাত করে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আব্দুল মোমিন/এসএইচএ