নড়াইল সদর উপজেলায় জান্নাতুল নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম রবি নামে (৩০) এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশু রামচন্দ্রপুর গ্রামের মো. মফিজুর রহমানের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রবিউল ইসলাম রবি একই গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুলকে বাড়ির পাশের একটি দোকান থেকে চানাচুর কিনে দেয় তার বাবা। তখন চানাচুর নিয়ে বাড়ি ফিরছিল শিশুটি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে প্রতিবেশী রবিউল ইসলাম এর ঘরের মধ্যে গায়ে কাঁথা জড়ানো অবস্থায় পাওয়া যায়। তবে এ সময় রবিউল ইসলাম রবি বাড়িতে ছিলেন না। পরে স্বজনরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক বলেন, যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি চাই। আমি নড়াইলের পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, দোষীকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুত আটকের চেষ্টা চলছে।

এদিকে জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন। রাত সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা যুব ও ছাত্র আন্দোলনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশে নড়াইলে জেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আব্দুর শুকুর, জেলা ইসলামি ছাত্র আন্দোলনের তথ্য ও গবেষণা প্রচার সম্পাদক মো. নিয়ামত উল্লাহ সরদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ আ. রসিদ, লক্ষ্মীপাশা কওমি মাদরাসা শাখার সাভাপতি মাওলানা উবাইদুল্লা, হাফেজ গোলাম রাব্বি প্রমুখ।
এ সময় বক্তারা ওই পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যার অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচার ফাঁসির দাবি জানান। শিশু নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
মো. তাহের/এসএইচএ
