বরিশালের মেহেন্দীগঞ্জে নদীর পাড় ধসে কালাবদর নদীতে তলিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার (২০ জুলাই) সকালে সদর উপজেলার বেলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশাল সদর নৌ পুলিশ।
বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌ পুলিশকে খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পরিচয় শনাক্তের পর নিশ্চিত হওয়া যায়, এটি গত শনিবার মেহেন্দীগঞ্জ উপজেলায় নদীর পাড় ধসে নদীতে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কৃষক আজিজুল গাজী দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে গেলে তার পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহও সঙ্গে ছিল। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ নদীভাঙনে পায়ের নিচের মাটি ধসে পড়লে শিশুটি স্রোতা নদীতে তলিয়ে যায়।
সন্তানকে বাঁচাতে গিয়ে আজিজুল গাজীও নদীভাঙনের সঙ্গে মাটিচাপায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও প্রবল স্রোতে ভেসে যায় আব্দুল্লাহ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
অবশেষে নিখোঁজ হওয়ার দুই দিন পর সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এসএইচএ
