বিজ্ঞাপন

রাজবাড়ী পোস্ট অফিসে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের ঘটনার তদন্ত শুরু

রাজবাড়ী পোস্ট অফিসে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের ঘটনার তদন্ত শুরু

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার (৩০) গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের ঘটনায় সরেজমিন তদন্ত শুরু করেছে দুইটি তদন্ত কমিটি। অভিযোগের সত্যতা যাচাই, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তথ্য সংগ্রহ এবং দায়ীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কমিটি গঠন করে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা রাজবাড়ী প্রধান ডাকঘরে উপস্থিত হয়ে নথিপত্র পর্যালোচনা করেন এবং তদন্ত কমিটি ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলেন। এ সময় বহু গ্রাহক তাদের জমাকৃত অর্থ ফেরত না পাওয়া এবং হিসাবের অসঙ্গতি নিয়ে অভিযোগ তুলে ধরেন। তদন্ত কমিটির দলটি তদন্ত কার্য শেষ করে সন্ধ্যা ৭টার পর পোস্ট অফিস ত্যাগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা পোস্ট অফিসে আগত গ্রাহকদের মেয়াদি সঞ্চয় হিসাব খোলার নামে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে অর্ধশত গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা নিয়ে তা ডাকঘরের সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এরপর থেকেই তিনি পলাতক। তার বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। বর্তমানে ভুক্তভোগী গ্রাহকরা ডাকঘরে এসে তাদের অর্থ ফেরতের দাবি জানাচ্ছেন। বিষয়টি জানাজানি হলে গত ১২ জুলাই কুষ্টিয়া বিভাগীয় ডাক কার্যালয়ের কর্মকর্তারা তদন্তে আসে।

খুলনা দক্ষিণাঞ্চল পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ে তদন্ত কমিটির সদস্যরা জানান, গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সরেজমিন তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে দ্রুত একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তদন্তে কারও বিরুদ্ধে অনিয়ম বা অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানান।

এদিকে দীর্ঘদিন ধরে আমানতের টাকা নিয়ে অনিশ্চয়তায় থাকা গ্রাহকরা তাদের টাকা ফেরত নিতে পোস্ট অফিসে আসে। এ সময় তারা তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার জন্য বিক্ষোভ করাসহ কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এছাড়া গ্রাহকেরা রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসেও জড়ো হয়ে বিক্ষোভ করে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার শামীম আহমেদ বলেন, খুলনা পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় থেকে গঠিত ৪ সদস্যের একটি তদন্ত কমিটি আজ রাজবাড়ী প্রধান ডাকঘরে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় তারা গ্রাহকদের সঙ্গে কথা বলেছে, গ্রাহকদের স্লিপগুলো নোট করেছে। প্রত্যেক গ্রাহকের সঙ্গে আলাদা করে কথা বলেছে এবং অফিসের স্টাফদের সঙ্গে আলাদা করে প্রত্যেকের সঙ্গে কথা বলেছে। এছাড়া কুষ্টিয়া অফিস থেকে গঠিত আরেকটি তদন্ত কমিটি গত ১৯ জুলাই থেকে অবস্থান করছে। তারাও তদন্ত করছে।

উল্লেখ্য, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার (৩০) বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এতে বিপাকে পড়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। এ ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে ডাক বিভাগ।

জানা যায়, লেটার রাইটার শিহাব মৃধা সম্প্রতি বিদায়ী পোস্ট মাস্টার বিকাশ বিশ্বাস ও সংশ্লিষ্ট কর্মচারীদের সঙ্গে যোগসাজস করে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে। গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে

বিজ্ঞাপন