বিজ্ঞাপন

সাভারে চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

সাভারে চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে আবুল খায়ের পাটোয়ারী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই)  দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি,  তদন্ত)  নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে সোমবার সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মৃত অবস্থায় ওই যুবককে নিয়ে আসেন রিকশার গ্যারেজের মালিকসহ দুই ব্যক্তি।

নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর জেলার সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।

গ্যারেজ মালিক নুরুজ্জামান বলেন, সোমবার সকাল ৯টার দিকে আমার একটি রিকশা চুরি হয়। পরে ওই রিকশার চালক শুভ আমাকে এসে জানান রিকশার চোরকে ধরা হয়েছে। এরপরে ওই চোরকে (আবুল খায়ের পাটোয়ারী) গ্যারেজের ভেতরে আটকে রেখেছিলাম। কিন্তু বেশ কিছু লোকজন এসে তাকে গণপিটুনি দেন। পরে সন্ধ্যায় তার অবস্থা বেশি ভালো মনে না হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য দিয়ে আসি৷ এরপরে জানতে পারি ওই যুবক মারা গেছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। তার পরিবারের লোকজন এসেছেন এবং থানায় মামলার জন্য এজাহার দিচ্ছে। এ ছাড়া নিহত যুবককে উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, ওই যুবক চাঁদপুরে থাকতেন। হঠাৎ রোববার পরিবারের কাউকে না বলে সাভারে চলে এসেছিলেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

লোটন আচার্য্য/এএমকে