মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে বিজিবির হাতে আটক হওয়া তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কক্সবাজার সহকারী জজ আদালতে তাদের আনা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটেলিয়ন (২ বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোর্পদ করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার দুপুরে টেকনাফের নাইট্যংপাড়ার নাফ নদী সীমান্ত দিয়ে সাঁতরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিন ব্যক্তি। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন, বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে বলেন, “গেল দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের একটি ক্যাম্পে জিম্মি ছিলেন তারা। সেই ক্যাম্প থেকে পালিয়ে নাফ নদী পার হয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন”।
আটক তিনজনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে টেকনাফ থানায় মামলা দায়ের করে বিজিবি।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে
