কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের এক দিন পর একটি খাল থেকে তাওহিদ হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার সিংপুর বাজার-সংলগ্ন একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন। এর আগে সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল সে।
নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সোমবার বিকেল থেকে তাওহিদ নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে সিংপুর বাজার-সংলগ্ন খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। স্বজনরা চাইলে ময়নাতদন্ত করা হবে।
সাখাওয়াত হোসেন হৃদয়/এএমকে
