ঢাকার উদ্দেশে ছুটে চলছিল দ্রুতযান এক্সপ্রেস। অন্য যাত্রীদের মতো স্বাভাবিকভাবেই যাত্রা করছিলেন জয়পুরহাটের তরুণ সাব্বির হোসেন। কিন্তু হঠাৎ বাইরে থেকে ছুটে আসা একটি পাথর তার ডান চোখে আঘাত করলে মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি। ট্রেনের ভেতরে সৃষ্টি হয় আতঙ্ক ও চাঞ্চল্য।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আহত সাব্বির হোসেনকে (২২) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
আহত সাব্বির জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈলের মাঝামাঝি এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় একটি পাথর সাব্বিরের ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, আঘাতে তার ডান চোখের মারাত্মক ক্ষতি হয়েছে।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, দ্রুতযান এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হন। তাকে জামতৈল স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার ঢাকা পোস্টকে বলেন, আহত যাত্রীকে প্রথমে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার খোকন মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করেন। আমরা আহত যুবককে ঢাকায় পাঠিয়েছি।
মো. নাজমুল হাসান/এএমকে
