বিজ্ঞাপন

এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। নতুন এ বাংলাদেশ ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। এদেশের তরুণ ছাত্র-জনতা রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, দেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই। আমরা তরুণ, আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে বর্তমানে এনসিপির ৬ জন এমপি আপনাদের কথা তুলে ধরছেন। আগামীতে আপনাদের সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি ১৬০ জন সংসদ সদস্য নিয়ে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করবে। 

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও তা বাস্তবায়ন করছেন না। অচিরেই জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের গণভোটের রায়কে মূল্যায়ন করতে হবে। এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশর জনগণ তাদের চিরতরে বয়কট করেছে। 

পথসভায় হাসনাত আব্দুল্লাহ চিতলমারীতে এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে জনগণের মাঝে পরিচয় করিয়ে দিয়ে সকলের নিকট আগামী উপজেলা নির্বাচনের ভোট চান। একই সাথে পথসভা মঞ্চে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদানকৃত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পথসভায় এনসিপির চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। 

অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহাসান জুনায়েদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্রশক্তির আহ্বায়ক জাহীদ হাসান, কেন্দ্রীয় নারী শক্তি নেত্রী আজবীন আরোবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপি সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল, চিতলমারী উপজেলায় এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামি, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইলাম কাকা মিয়া ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের বাবা শহিদুল মল্লিক। 

পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে জুলাই পদযাত্রা চিতলমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরএআর