নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৮ জন রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন রুশ নারী রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের সহকারীর নাম আফরোজ। তিনি নাটোর সদর থানার হয়বতপুর এলাকার মোহাম্মদ আনুর ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের হযরতপুর থেকে পেঁয়াজ-রসুন বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের তালবাড়িয়া এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের সহকারী আফরোজের মৃত্যু হয়। দুর্ঘটনায় উভয় গাড়ির চালক এবং বাসের ৮ জন রুশ নাগরিকসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশিকুর রহমান/এসএইচএ
