বিজ্ঞাপন

লাকড়ি কুড়াতে গিয়ে ডোবায় নিখোঁজ, ৩ ঘণ্টা পর মিলল বৃদ্ধার মরদেহ

লাকড়ি কুড়াতে গিয়ে ডোবায় নিখোঁজ, ৩ ঘণ্টা পর মিলল বৃদ্ধার মরদেহ

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে গিয়ে ডোবায় পড়ে জকিরাজ খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মনসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জকিরাজ খাতুন ওই এলাকার মৃত হাফেজার রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে পটিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় বাড়ির আঙিনার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহতের ছেলে নাজিম উদ্দীন জানান, সন্ধ্যার কিছু আগে তার মা বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে যান। ধারণা করা হচ্ছে, লাকড়ি নিয়ে ফেরার পথে হোঁচট খেয়ে তিনি ডোবায় পড়ে যান। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে প্রায় তিন ঘণ্টার অনুসন্ধান শেষে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার মা শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে পানিতে পড়ে যাওয়ার পর তিনি আর উঠতে পারেননি।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনামুল হক নাবিদ/এসএইচএ 

বিজ্ঞাপন