বাগেরহাট পৌরসভার রেলরোড সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন সক্রিয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে বাগেরহাট সদর মডেল থানার একটি টিম বাগেরহাট পৌরসভার রেলরোড সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০-৪২ জনের একটি দল সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত হতে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে।
এজাহারনামীয় ৩ জনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন আসামি কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় এজাহারনামীয় গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামিরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এই ষড়যন্ত্রমূলক সমাবেশ করেছিল। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ জন নেতাকর্মীকে আটক করেছি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসএইচএ
