উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি এলাকার প্রতিটি মানুষের অধিকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, নির্বাচনের আগে সোনারগাঁবাসীর কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো এলাকার মানুষ যেন কাঁচা রাস্তা, জলাবদ্ধতা কিংবা দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই কাজ চলছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী কমিউনিটি ক্লিনিক থেকে হামছাদী উত্তরপাড়া বায়তুন নুর জামে মসজিদ পর্যন্ত ১ হাজার ৩০০ ফুট দীর্ঘ আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমপি মান্নান বলেন, একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য সোনারগাঁ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করতে সরকার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব উন্নয়ন কার্যক্রমে স্থানীয় মানুষের সহযোগিতাও প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সংসদ সদস্যের পুত্র খাইরুল ইসলাম সজিব, বৈদ্যারবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মো. মীমরাজ হোসেন/এসএইচএ
