জ্বালানি তেলের সংকট-এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ার পর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়েছে। রাজশাহী নগরীর কয়েকটি ফিলিং স্টেশনে মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার পর থেকে দীর্ঘ লাইনে জ্বালানি তেল সংগ্রহ করতে দেখা গেছে। কেউ বা ফিলিং স্টেশনে নিয়ে এসেছেন জ্বালানি সংগ্রহের জার (জারকিন)।
তবে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন ও ফিলিং স্টেশন মালিক সমিতি। এনিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কিনতে আহ্বান জানানো হয়েছে।
নগরীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে- তাদের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে রাত আটটার দিকে হঠাৎ করে বেড়ে যায় মোটরসাইকেলের চাপ। এই কারণে বেশি কিছু ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লাইন দেখা গেছে।
লাইনে দাঁড়ানো কয়েকজন মোটরসাইকেলচালক জানান, ফেসবুকে জ্বালানি তেলের সংকট এমন অনেক পোস্ট দেখা যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ফিলিং স্টেশনের ছবি দেখা যাচ্ছে। এতে করে অনেকেই আসছেন তেল কিনতে। তাদের ধারণা, পরে তেল পেতে সমস্যা হওয়ার কথা ভেবে আগেই তারা বেশি করে তেল কিনে নিচ্ছেন।
তবে পাম্পে এসে দীর্ঘ লাইন দেখে অনেকেই বিষয়টিকে গুজব বলেই মনে করছেন। তাদের ভাষ্য, প্রতিদিনের চাহিদা মাফিক তেল কিনতে আসেন অনেকেই। কিন্তু ফিলিং স্টেশনের সামনে ভিড় দেখে অনেকেই প্রয়োজনের বেশি তেল কিনে নিচ্ছেন। এসব খবর ছড়িয়ে পড়ায় অস্বাভাবিক ভিড় বেড়ে যায়।
এদিকে, জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। এতে বলা হয়েছে-‘রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুত না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করুন এবং বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করুন।
জেলা প্রশাসন, রাজশাহী সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গুজবে কান দেবেন না।
এ বিষয়ে রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মমিনুল হক সাংবাদিকদের বলেন, রাত ৮টার পর হঠাৎ করেই পাম্পে গ্রাহকের চাপ বেড়ে যায়। কী কারণে বেড়েছে বলা যাচ্ছে না। তবে রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পাম্পে তেলের ট্যাংকার এসেছে।
শাহিনুল আশিক/এসএইচএ
