বিজ্ঞাপন

ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল

ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকার আরও দুটি সীমানা দেওয়াল ধসে পড়েছে। প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের দেওয়াল দুটি মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় এলাকার উত্তর পাশের ছয়আনি খালে ধসে পড়ে। 

একই স্থানে এর আগেও একাধিকবার দেওয়াল ধস ও হেলে পড়ার ঘটনা ঘটেছিল। তিন বছরের ব্যবধানে আবারও এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং তদারকির অভাবের কারণে সীমানা প্রাচীরগুলো বারবার ধসে পড়ছে। তাদের দাবি, নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারি বিপুল অর্থ ব্যয়ে নির্মিত স্থাপনাটি টেকসই হয়নি।

জানা গেছে, ২০২৩ সালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ফুট দৈর্ঘ্যের এই সীমানা প্রাচীর নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি। তবে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ২০২৩ সালের জানুয়ারিতে একই এলাকার প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা দেওয়াল খালের দিকে হেলে পড়ে। পরে ওই বছরের ৩০ জুন আরও একটি দেওয়াল ধসে যায় এবং পাশাপাশি তিনটি দেওয়ালে বড় ধরনের ফাটল ও হেলে পড়ার ঘটনা ঘটে।

এলাকাবাসীর দাবি, বারবার একই ধরনের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা ভারী বৃষ্টির কারণে মাটি সরে যাওয়ায় সীমানা দেওয়ালের একটি অংশ ধসে পড়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএম আলমাস/এএমকে

বিজ্ঞাপন