বিজ্ঞাপন

আগুনে পুড়ে ছাই জেলে পরিবারের স্বপ্ন

আগুনে পুড়ে ছাই জেলে পরিবারের স্বপ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘরের নগদ টাকা, আসবাবপত্র, হাঁস-মুরগিসহ সব মালামাল পুড়ে গেছে। 

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকার খলিল মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই জেলে আক্তার হোসেন ও তার স্ত্রী গৃহপরিচারিকা শাহানুর আক্তারের বসতঘর এবং ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, হাঁস-মুরগিসহ সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত শাহানুর আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামী-স্ত্রী মিলে কষ্ট করে একটু একটু করে ঘরটি গড়ে তুলেছিলাম। সব স্বপ্ন এক মুহূর্তের আগুনে শেষ হয়ে গেছে। সন্তান আর গায়ের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।

প্রতিবেশী শরীফুল ইসলাম বলেন, শাহানুর মানুষের বাড়িতে কাজ করেন আর তার স্বামী নদীতে মাছ ধরেন। ঘটনার সময় আক্তার নদীতে ছিলেন। আগুনে তাদের জমানো টাকাসহ সবকিছু পুড়ে গেছে। অভাবের সংসারটি আরও অসহায় হয়ে পড়েছে।

কমলনগর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার প্রণব বড়ুয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাসান মাহমুদ শাকিল/এমএমবি