মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন জেলা সিভিল সার্জন। এ সময় অনিয়মের অভিযোগে আরও একটি বেসরকারি হাসপাতালকে সতর্ক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।
কার্যক্রম বন্ধ করা বেসকারি প্রতিষ্ঠানের নাম আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টার । অপরদিকে মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে সতর্ক করা হয়েছে।
জানা গেছে, আল রাফী ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি। এ ছাড়া তিন প্রতিষ্ঠানের প্যাথলজী ও ডায়াগনস্টিক বিভাগেও ব্যাপক অনিয়ম পাওয়া যায়।
এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের স্বাস্থ্যখাতকে সুস্বাস্থ্যবান্ধব করতে বেসরকারি হাসপাতালে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজকের অভিযানে তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটিকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম/এমএমবি
