ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনার জেরে এক দিনের ব্যবধানে তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। সর্বশেষ জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীবকে শোকজ করা হয়েছে।
এর আগে একই ঘটনায় জেলা সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব ও সোনাগাজী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে শোকজ করা হয়। শোকজপ্রাপ্তদের মধ্যে আকবর হোসেনকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, এমদাদুল হক রাজীবের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীব ঢাকা পোস্টকে বলেন, সেদিন সভায় প্রটোকল ভেঙে বক্তব্য দেওয়ার জন্য একজনের নাম ঘোষণা করায় মঞ্চে আমি প্রতিবাদ করেছিলাম। বিষয়টি হয়তো কেন্দ্রের কাছে ভালো লাগেনি, সেজন্য শোকজ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আমি এর জবাব দেব।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) একই ঘটনায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব ও সোনাগাজী উপজেলা যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে শোকজ করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় আকবর হোসেনকে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। উভয় নেতাকেই তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোনাগাজী উপজেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেন বলেন, সেদিন দফায় দফায় যে ঝামেলা হয়েছে, তার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ অভিযোগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমন কিছু কখনো আশা করিনি। বিষয়টি আমি কেন্দ্রকে জানাব।
জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব ঢাকা পোস্টকে বলেন, আমি যেহেতু সোনাগাজীর ওই কর্মসূচির মূল আয়োজক ছিলাম এবং সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সম্ভবত শৃঙ্খলা রক্ষায় ত্রুটি থাকার কারণেই আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মঞ্চে দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অনুষ্ঠান শেষে সভাস্থল ও মঞ্চের সামনে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির ফেনী জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদও মারধরের শিকার হন।
তারেক চৌধুরী/এএমকে
