কুড়িগ্রামের উলিপুরে সামান্য বৃষ্টিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি সড়কে পানি ও কাদা জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয় পথচারীদের। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রায় ১৬ মিটার মাটির কাঁচা রাস্তায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় কাদার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। কাদা ও পানির মধ্য দিয়ে যেতে গিয়ে অনেক সময় শিক্ষার্থী পা পিছলে পড়ে যায়। এতে ভিজে যায় পোশাক, জুতা ও বই-খাতা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই বছর ধরে রাস্তাটির এই অবস্থা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি থামার পরও দীর্ঘ সময় পানি জমে থাকে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
পথচারী আমিনুল জলিল মিয়া (৬০) বলেন, এই রাস্তা প্রায় দুই বছর ধরে এমন অবস্থায় আছে। কেউ ঠিক করে দেয় না। এক দিন চলার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম। খুব কষ্ট করে চলাচল করতে হয়।
বিদ্যালয়ের শিক্ষিকা নিপা রাণী সরকার বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। না হলে শিক্ষার্থীদের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ রাস্তার পাশেই পুকুর রয়েছে।
শিক্ষার্থী পূজা রাণী ও নিরব মিয়া জানায়, বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে স্কুলে যেতে ভয় লাগে। অনেক কষ্ট করে যেতে হয়। এক দিন পা পিছলে পানিতে পড়ে গিয়েছিলাম। তখন জামা-কাপড় ও বই-খাতা ভিজে যায়।
বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. ছামছুন্নাহার বেগম বলেন, শিক্ষার্থীসহ আমরা শিক্ষকরা অনেক কষ্ট করে যাতায়াত করছি। বিদ্যালয়ের নিজস্ব কোনো বরাদ্দ থাকলে রাস্তাটি সংস্কার করা যেত। রাস্তাটি দ্রুত ভালো করা প্রয়োজন। বিষয়টি ইউপি সদস্যকে জানানো হয়েছে।
এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শ্রী সুশান্ত মন্ডল বলেন, কয়েক দিন আগে ডিসি স্যার পরিষদে এসেছিলেন। তখন বিষয়টি তাকে জানিয়েছি। রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হবে।
মমিনুল ইসলাম বাবু/এমএমববি
