জামালপুরে বাস ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
নিহতরা হলেন, বিল্লাল হোসেন (৫০)। তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ছাড়া আহত হয়েছেন রবিন চৌধুরী (৩৮)। তিনি একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের আব্দুল কুদ্দুস চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহন নামে একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হোসেন বলেন, আমার চাচা ময়মনসিংহ থেকে তার ছেলেকে দেখে আসছিলেন। তার ছেলে রাজন্য এবার এইসএসসি পরীক্ষা দিচ্ছে। সন্ধার দিকে রাজন্য আমাদের ফোন করে জানাল, সে নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছে তার বাবার এক্সিডেন্ট হয়েছে। পরে আমরা হাসপাতালে গিয়ে দেখি চাচা মারা গেছেন।
আহত রবিন চৌধুরী বলেন, আমরা সিএনজিতে চালকসহ ছয়জন ময়মনসিংহ থেকে আসতেছিলাম। হটাৎ একটি বাস পেছন থেকে আমাদের চাপা দেয়।
জামালপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়। একজন আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাঁধন হোসেন/এএমকে
