বিজ্ঞাপন

টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, ঝলসে যাওয়া ভ্যানচালকের মরদেহ উদ্ধার

টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, ঝলসে যাওয়া ভ্যানচালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্যের একটি ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর পর সেখান থেকে নয়ন (১৮) নামের এক যুবকের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল জানান, রাত আনুমানিক ৯টার দিকে ডিলারের গোডাউনটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গোডাউনের তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ডাল, তেল ও চিনিসহ মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কিছু পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ওসি সুকোমল দেবনাথ বলেন, আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে নয়নের। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

মো. আশিক আলী/এসএইচএ