বিজ্ঞাপন

‘যানজট নিরসনে ব্যর্থ হলে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’

‘যানজট নিরসনে ব্যর্থ হলে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে দীর্ঘদিনের যানজট নিরসনে দায়িত্ব পালনে ব্যর্থ হলে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

এমপি মান্নান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ আসলে কী ভূমিকা রাখছে, তা বোধগম্য নয়। কাঁচপুর সেতু পার হওয়ার পর থেকেই যেখানে-সেখানে যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। এতে সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

তিনি বলেন, জনগণের দায়িত্ব যথাযথভাবে পালন না করলে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে। মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় অবৈধ চুনা কারখানা প্রসঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক করে এমপি মান্নান বলেন, লোক দেখানো উচ্ছেদ অভিযান চালিয়ে কোনো লাভ হবে না। উচ্ছেদের পর আবার অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালুর সুযোগ করে দেওয়া হলে দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় মামলা হলে তা সরাসরি দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধেই করা হবে।

সোনারগাঁ থানা পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, গত এক মাসে পুলিশ বেশ কয়েকজন ডাকাত ও খুনিকে গ্রেপ্তার করেছে। তাদের তৎপরতায় এলাকায় মাদকের বিস্তারও কমেছে। তবে কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী যদি আমার আত্মীয়ও হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান,ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

মো. মীমরাজ হোসেন/এসএইচএ

বিজ্ঞাপন