২০১৮ সালে দুই বছরের জন্য ফেনী জেলা ছাত্রদলের ঘোষিত কমিটির আট বছর পেরিয়ে গেলেও এখনো নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। তাই নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ফেনী জেলা ছাত্রদলের একটি ব্যঙ্গাত্মক ব্যানার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যানারটিতে ‘দুই বছরের কমিটির আট বছর পূর্তি’ উপলক্ষে প্রীতিভোজ ও সংবর্ধনা অনুষ্ঠান, বঞ্চিত সকল ছাত্রনেতাদের নিমন্ত্রণ সহ বিভিন্ন ব্যঙ্গাত্মক বাক্য ব্যবহার করা হয়েছে। ব্যানারে ছাগল ও মুরগির ছবিও সংযোজন করা হয়েছে, যা বিষয়টিকে আরও রসাত্মকভাবে উপস্থাপন করেছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, এটি কোনো আনুষ্ঠানিক ব্যানার নয়। এতে উল্লেখিত অনুষ্ঠানেরও বাস্তবে কোনো আয়োজন নেই। দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই ব্যানারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী নিজের ফেসবুক পোস্টে লেখেন, ৯ বছর—একটি প্রজন্মের অপেক্ষা। ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় অসংখ্য ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকেও নতুন নেতৃত্বের সুযোগ না পাওয়া হতাশাজনক।

একই বিষয়ে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল লেখেন, এই পথ চলা যদি শেষ না হয়... ফেনী জেলা ছাত্রদলের একসঙ্গে পথ চলার ৯ বছরে পদার্পণ। ২০১৮ সালের ১২ জুলাই ঘোষিত কমিটি ২০২৬ সালের ১২ জুলাই আট বছর শেষ করে নবম বছরে পা দিয়েছে। নতুন নেতৃত্বের সূচনায় আর কত বছর অপেক্ষা?
ব্যঙ্গাত্মক ব্যানারটি তৈরির বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সানি মজুমদার ঢাকা পোস্টকে বলেন, বর্তমান কমিটি আট বছর শেষ করে নবম বছরে প্রবেশ করেছে। কিন্তু নতুন কমিটি হচ্ছে না, আবার পুরোনো কমিটিও সরে দাঁড়াচ্ছে না। সিনিয়ররা এভাবে পদ আঁকড়ে ধরে থাকলে তরুণদের নেতৃত্বে আসার সুযোগ থাকে না। সেই হতাশা থেকেই প্রতীকীভাবে এমন ব্যানার প্রচার করা হয়েছে।
এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রীয় সংসদ থেকে নতুন জেলা কমিটি গঠনের আলোচনা প্রায় চার বছর ধরে চলছে। কেন এখনো কমিটি ঘোষণা হয়নি, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার কাছেও নেই। যারা নতুন কমিটির প্রত্যাশী, তারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল। তাদের প্রত্যাশা অযৌক্তিক নয়।
তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আমরা আমাদের মতামতও জানিয়েছি। খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা হবে বলে আশা করছি। নতুন নেতৃত্ব এলে সংগঠন আরও গতিশীল হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ফেনী জেলা ছাত্রদলের ৩৯৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সালাউদ্দিন মামুনকে সভাপতি এবং মোর্শেদ আলম মিলনকে সাধারণ সম্পাদক করা হয়। দুই বছরের জন্য গঠিত সেই কমিটি আট বছর পার করলেও এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি।
বর্তমান কমিটির অধিকাংশ সদস্যই এখন প্রবাসী, ব্যবসায়ী বা ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত। অনেকেই বিবাহিত এবং ত্রিশোর্ধ্ব বয়সী, যা ছাত্রদলের গঠনতন্ত্রের বয়স ও ছাত্রত্বের শর্ত নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর কয়েক দফা নতুন কমিটি গঠনের আলোচনা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
তারেক চৌধুরী/এমএমবি
