বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, আমরা দেখছি নতুন কার্ড খেলা শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দেন, কৃষক কার্ড দেন। সর্বশেষ ইউনিভার্সাল কার্ড দেওয়ার কথা বলেছেন। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড, দখলদার কার্ড, থানা দখলের কার্ড থাকবে কি না। যদি এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, আপনার মুখ দেখে মানুষ ভোট দেয় নাই। ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও ধানের শীষের দিকে তাকিয়ে। আপনার বাবা-মা দুইজনই গণভোটের রায় বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। আপনি যদি গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেন, বাংলাদেশের মানুষ আগামীতে আপনাদেরকে গাদ্দার হিসেবে অভিহিত করবে।
তিনি বলেন, জামালপুরে হাসপাতাল আছে ডাক্তার নাই, ডাক্তার আছে নার্স নাই, নার্স আছে ওষুধ নাই, ওষুধ থাকলে কোনো ম্যানেজমেন্ট নাই। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, সদর হাসপাতালগুলোকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সদর হাসপাতালগুলোর যা অবস্থা, এগুলো থাকার চেয়ে না থাকা ভালো। কর্মকর্তা-কর্মচারীরা একেকজন জমিদারের মতো আচরণ করেন। সাধারণ মানুষ চিকিৎসার জন্য ঘুরতে থাকে।
তিনি আরও বলেন, ভূমি অফিসকে চাঁদাবাজির কারখানা বানানো যাবে না। পুলিশের থানাগুলোকে ক্ষমতার অপব্যবহারের কোনো অফিস বানানো যাবে না। জামালপুরকে ঐক্যবদ্ধভাবে আমাদের রক্ষা করতে হবে। প্রশাসনে থাকেন বা যত ক্ষমতাবান বড় জায়গায় থাকেন, একটা কথা মনে রাখবেন—আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপিও না থাকতে পারে। কিন্তু যদি দালালি করেন, ক্ষমতাবান যারা নেতা তাদের চাটুকার হন, বিবেকবোধ বর্গা দেন, বাংলাদেশের মাটিতে কোনোদিন মুখ তুলে তাকাতে পারবেন না।
সমাবেশে এনসিপির জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, এনসিপি জামালপুরের সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।
বাঁধন হোসেন/এএমকে
