কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সকালে সদরের গাইটাল ও পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া নামকস্থানে এ দুই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তুহিন (১০) ও একে মোস্তাফিজুর রহমান (৬০)। তাদের মধ্যে তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য মোহাম্মদ সামছুল ইসলামের ছেলে। সে জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা সদরে। অপর নিহত ব্যক্তি এ কে মোস্তাফিজুর রহমান ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের গাইটাল এলাকার বাসা থেকে তুহিন সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে যায়। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, মরদেহ আধুনিক সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপরদিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাখাওয়াত হোসেন হৃদয়/এসএইচএ
