বিজ্ঞাপন

আল্ট্রাসনোগ্রাম করার আগেই প্রিন্ট করে রাখা হয় রোগীর রিপোর্ট

আল্ট্রাসনোগ্রাম করার আগেই প্রিন্ট করে রাখা হয় রোগীর রিপোর্ট

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার আগেই রিপোর্ট প্রিন্ট করে রাখার অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা।

অভিযানে দেখা যায়, আল্ট্রাসনোগ্রামের জন্য রোগী আসার আগেই বিভিন্ন ধরনের রিপোর্ট প্রিন্ট করে রাখা হতো। পরে রোগী এলে সেই রিপোর্টে শুধু নাম-পরিচয় বসিয়ে দেওয়া হতো।

এ ছাড়া ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিনের নমুনা সংরক্ষণ এবং রেফ্রিজারেটরের তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় থার্মোমিটার না রাখাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল উপস্থিত ছিলেন। এছাড়া চাঁদপুর মডেল থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোগীদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আনোয়ারুল হক/এমএমবি