বিজ্ঞাপন

আপত্তিকর ভিডিও ভাইরালের পর ফরিদপুরে বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরালের পর ফরিদপুরে বিএনপি নেতা বহিষ্কার

ফরিদপুরে বিএনপির এক নেতার একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ওই নেতাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

বহিষ্কৃত বিএনপি নেতার নাম মো. ওবায়দুর রহমান (৪৮)। তিনি ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

জানা গেছে, সম্প্রতি ওবায়দুর রহমানের সঙ্গে এক নারীর পাঁচ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বহিষ্কারের পর এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এর আগে তিনি দাবি করেছিলেন, ‘ভিডিওটি এআই দিয়ে বানানো।’

বহিষ্কারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর দলীয়ভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পরই জরুরি সভা ডেকে ওবায়দুর রহমানকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জহির হোসেন/এসএইচএ