বিজ্ঞাপন

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে জীবিত উদ্ধার

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে জীবিত উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন (৫২)। তাকে উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও সৈকতকর্মীরা। একই ঘটনায় তার ছেলে নিলয়কে (২২) জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার কিছুক্ষণ আগে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হেলাল উদ্দিনের পিতা মৃত আনোয়ার মেম্বার, তাদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার হাসপাতাল সড়ক এলাকায়।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, শুক্রবার বিকেলে হেলাল উদ্দিন ছেলেকে নিয়ে সমুদ্রে গোসলে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউয়ের তোড়ে বাবা-ছেলে দুজনই পানিতে তলিয়ে যান।

ঘটনাটি দেখে সৈকতে থাকা লোকজন ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তাদের চেষ্টায় ছেলে নিলয়কে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হেলাল উদ্দিন সাগরের প্রবল স্রোতে ভেসে যান।

ঘটনার পরপরই জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত বিচকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্রে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

কক্সবাজার জেলা প্রসাশনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জানানো হবে।

ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ