রাজশাহীর পবা উপজেলায় ছুরিকাঘাতে ফরিদা পারভীন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মতায়েন করা হয়েছে।
নিহত ফরিদা পারভীন পবা উপজেলার হরিয়ান এলাকার লালন শেখের স্ত্রী। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে। লাল শেখ হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। ফরিদাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে মো. ফয়সালও আহত হয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার হরিয়ান এলাকায় সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ফরিদা পারভীন। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, লালন শেখের প্রতিবেশী বাবুর ছেলে মো. পরশ (১৮) ছুরিকাঘাত করেছেন বলে শুনেছেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী বাবুর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এর আগেই পরিবারটি পালিয়েছে। তবে কী নিয়ে ঘটনা সে সম্পর্কে তিনি এখনও বিস্তারিত জানেন না।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার ইকরামূল হক বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। কিন্তু তাদের ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি এবং কাজ শুরু করতে দেয়নি স্থানীয় জনতা। ফায়ার সার্ভিসের সদস্যরা হরিয়ানের তেতুলতলা এলাকায় অবস্থান করছেন।
এ বিষয়ে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, ফরিদা নামের এক নারী মারামারিতে মারা গেছেন। এলাকায় পুলিশ গিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
শাহিনুল আশিক/এসএইচএ
