বিজ্ঞাপন

গারো পাহাড়ে অবৈধ বালু-পাথর উত্তোলন : কঠোর হুঁশিয়ারি প্রশাসনের

গারো পাহাড়ে অবৈধ বালু-পাথর উত্তোলন : কঠোর হুঁশিয়ারি প্রশাসনের

শেরপুরের গারো পাহাড় রক্ষায় অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বন অধিদপ্তরের কেন্দ্রীয় অঞ্চল, ঢাকার বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন।

তিনি বলেন, “গারো পাহাড়ে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ছড়া, ঝরনা ও টিলা কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এতে করে হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। এসব কারবারিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শেরপুরের মধুটিলা ইকোপার্ক এলাকায় ‘সেভ ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান)’ এর উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গারো পাহাড় রক্ষায় সচেতন নাগরিক সমাজ, বন বিভাগ, বিজিবি, পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে আন্তরিক। আশা করা যাচ্ছে, দ্রুতই এই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোয়ানের জেলা সভাপতি মো. নাঈম ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. এ. আজিজ, শাইন-এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি, বন্যপ্রাণী অধিকারকর্মী কাঞ্চন মিস্টার মারাক, আরণ্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল মোতালেব, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সুমন সরকার, বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার সুমন মিয়া, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়া অনুষ্ঠানে সোয়ানের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান তালুকদার, বন্যপ্রাণী বিষয়ক সম্পাদক আকরাম আলী এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বন সংরক্ষক জহির উদ্দিন আকন।

মোঃনাইমুর রহমান তালুকদার/ এসএমডব্লিউ

বিজ্ঞাপন