বিজ্ঞাপন

মোবাইল অ্যাপে পরিচয়, বন্ধুত্বের টানে নাটোরে চীনা যুবক

মোবাইল অ্যাপে পরিচয়, বন্ধুত্বের টানে নাটোরে চীনা যুবক

মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্বের টানেই সুদূর চীন থেকে নাটোরের বড়াইগ্রামের এক স্কুলছাত্রী তরুণীর সঙ্গে দেখা করতে এসেছেন এক চীনা নাগরিক। তার আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য সৃষ্টি হয়। চীনা যুবককে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ভবানীপুর ভাটোপাড়া এলাকার সাদ্দাম হোসেনের বাড়িতে ওই চীনা নাগরিক অবস্থান নেন। স্কুলছাত্রী সাদিয়ার সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে তার এই আগমন বলে জানিয়েছে পরিবার।

পরিবারের সদস্যরা জানান, প্রায় পাঁচ মাস আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া এবং ওই চীনা নাগরিকের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের টানেই তিনি বাংলাদেশে বেড়াতে এসেছেন।

সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন বলেন, ~প্রায় ৫ মাস যাবত আমার মেয়ের সঙ্গে চীনা নাগরিক সুবেদ এর পরিচয়। মেয়ে প্রথমে আমাদের জানালে আমরা ওই ছেলেকে দেশে আসতে বলি। পাসপোর্ট-ভিসা করে গতকাল ওই ছেলে দেশে আসলে আমরা এয়ারপোর্ট থেকে বাসায় নিয়ে আসি। মেয়ের বন্ধু হিসেবে তিনি কিছুদিন আমাদের বাসায় থেকে আবার ফিরে যাবে।”

এ বিষয়ে তরুণী সাদিয়া বলেন, “অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর সে আমার বন্ধু হতে চায়। বন্ধুত্বের পর সে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে প্রথমে আমি বিশ্বাস করিনি। ৫ মাস পর সে পাসপোর্ট-ভিসার ছবি পাঠায়। আমি বিষয়টি পরিবারকে জানালে তারা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসে। আমাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের। সে কিছুদিন বেড়ানোর পর আবার তার দেশে ফিরে যাবে।”

তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে কেবল বন্ধুত্বের আখ্যা দেওয়া হলেও স্থানীয়দের মধ্যে ভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, আমরা শুনেছি ওই চীনা নাগরিক মেয়েটিকে বিয়ে করার উদ্দেশ্যে এসেছে। আমি নিজে মেয়েটির মায়ের মুখেও একথা শুনেছি। পরিবার প্রথমে তাকে বোঝালেও সে ওই চীনা নাগরিকের সাথে চীনে চলে যেতে চায় বলে জেনেছি।

জোয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর ঢাকা পোস্টকে বলেন, ভবানীপুর ভাটোপাড়া এলাকায় চীন থেকে এক যুবক এসেছেন। স্থানীয়ভাবে জানা গেছে, এক তরুণীর সঙ্গে পরিচয় ও বন্ধুত্বের সূত্র ধরে তিনি বাংলাদেশে এসেছেন। তবে তার আগমনের প্রকৃত উদ্দেশ্য কি তা জানিনা।

আশিকুর রহমান/এসএমডব্লিউ

বিজ্ঞাপন