পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে গ্রেপ্তার করে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই দুপুরে আনুমানিক ১টার দিকে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল শিশুটি। এ সময় তার মা জরুরি কাজে এবং বাবা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ রয়েছে, ওই সুযোগে একই এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ হাওলাদার শিশুটির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় লোকজন ঘটনাস্থলে চলে এলে অভিযুক্ত পালিয়ে যান।
পরিবারের সদস্যদের দাবি, সামাজিক লজ্জা এবং স্থানীয়ভাবে বিষয়টির সমাধানের আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। তবে দীর্ঘদিন স্থানীয়ভাবে সুবিচার না পেয়ে বুধবার (২২ জুলাই) শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহিপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদনসহ কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ঘটনার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসএম আলমাস/ এসএমডব্লিউ
