বিজ্ঞাপন

রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শনিবার (২৫ জুলাই) সকালে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) এবং দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)। আহত মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে জলঢাকা থেকে একটি বালুবাহী ট্রাক পাগলাপীরের দিকে যাচ্ছিল। রথবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন এবং মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।  

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। 

ফরহাদুজ্জামান ফারুক/এমএমবি