পটুয়াখালী পৌর শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসার কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার রাতে তাকে খাবার দিতে গিয়ে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান খাবার সরবরাহকারী ব্যক্তি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় তাকে খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে প্রাথমিকভাবে পরীক্ষা করে পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
বাড়ির মালিক কে এম শাহাদাত খান বলেন, ‘মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে আমাদের এখানে ভাড়া থাকতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। মাঝেমধ্যে তার পরিবারের সদস্যরাও এখানে তার সঙ্গে দেখা করতে আসতেন। শুক্রবার খাবার দিতে আসা ব্যক্তি তার দরজা বন্ধ দেখতে পেয়ে আমাকে বিষয়টি জানান। পরে আমি এসে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মৃত ব্যক্তির বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রও রয়েছে। আমরা জানতে পেরেছি, তিনি দ্বৈত নাগরিক ছিলেন। তার পরিবারও বাংলাদেশে রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সোহাইব মাকসুদ নুরনবী/এসএইচএ
