বিজ্ঞাপন

মির্জা ফখরুল

রাষ্ট্রপতি দলীয় হবেন নাকি বাইরের কেউ, সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে

রাষ্ট্রপতি দলীয় হবেন নাকি বাইরের কেউ, সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে

দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে নানা আলোচনা চলছে। বিএনপি কাকে মনোনয়ন দিতে পারে এ প্রশ্নে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) আয়োজিত ৩৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে বিএনপি সভা করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। আমাদের তো কোনো মিটিংই হয়নি এখনও। বৈঠকের পরেই বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

এ সময় নিজের নাম নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক তর্কের সংস্কৃতি থেকে বেরিয়ে আমাদের কাজের দিকে মনোযোগ দিতে হবে। দেশে বাজেটের বড় একটি অংশ অপচয় হলেও গবেষণার মতো মৌলিক জায়গায় পর্যাপ্ত বরাদ্দ মেলে না।

কৃষিপণ্যের উপযুক্ত মূল্য ও বাজারজাতকরণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, পল্লী উন্নয়ন মানে কেবল রাস্তাঘাট আর বাড়িঘর তৈরি করা নয়, গ্রামীণ কৃষকের আর্থিক সচ্ছলতা আনাও এর অংশ। সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে আমাদের কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না। এই সমস্যা সমাধানে গবেষকদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছরে বাস্তবায়নের কোনো চিহ্ন না থাকলেও কাগজে-কলমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। তরুণদের শুধু চাকরি বা ঠিকাদারির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বগুড়ার স্থানীয় সংসদ সদস্য, পল্লী উন্নয়ন অ্যাকাডেমি ও গবেষণাসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুল মোমিন/এসএইচএ