নাটোরের বড়াইগ্রামে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকসহ দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক থেকে গ্যাস লিক হয়ে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রাকচালক ঢাকার সাভারের সিদ্দিকুর রহমান (৬০) এবং তার সহকারী ময়মনসিংহের ভালুকার ফজলুর রহমান (৫৫) আহত হন। তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী নাইট্রোজেনবাহী ট্রাকটি ঘটনাস্থলে এসে রাস্তার খানাখন্দের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের ওপর উল্টে যায়। এর পরপরই বিকট শব্দে ট্রাকের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে সাদা ধোঁয়ায় ৩০০-৪০০ মিটার এলাকা ঢেকে যায়, যা দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় নিরাপত্তার জন্য মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
আশিকুর রহমান/এসএইচএ
