জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন না হলে বিপ্লব অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, ঢাকা মহাসমাবেশের আগে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে।
শনিবার (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্যের শুরুতে বর্তমান সরকারের সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, ক্ষমতায় আসার পর পাঁচ মাস পার হলেও সিলেট অঞ্চল অবহেলিত রয়ে গেছে। প্রথম পাঁচ মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী পাঁচ বছরেও দেখাতে পারবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তিনি বলেন, যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন।
তিনি দাবি করেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডাররা একত্র হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ প্রধান দাবি করেন, শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। একই সঙ্গে তিনি ভারতের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ও টিপাইমুখ বাঁধ প্রসঙ্গ তুলে ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কথা জানান।
সংবিধান সংস্কার প্রশ্নে সরকারের সমালোচনা করে জাগপা নেতা বলেন, বর্তমান সরকার সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চাইছে, যা মেনে নেওয়া হবে না।
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে এর কোনো বিকল্প নেই। আগামী দিনে ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন রাশেদ প্রধান।
তিনি বলেন, মহাসমাবেশের আগে যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে বিপ্লব অনিবার্য।
তিনি আরও বলেন, ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয়নি, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। যদি তা না হয়, তাহলে ওই বিএনপি সরকার, গাদ্দার সরকারও থাকবে না।
ভারত থেকে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জাগপা নেতা।
মাসুদ আহমদ রনি/এসএইচএ
