বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনচালকসহ নিহত ২

মুন্সীগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনচালকসহ নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনচালক ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী এলাকার আইয়ুব আলীর ছেলে মজনু (৩৬)। অপরজন শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে দুলাল মনি দাস (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া এলাকায় কাঠ নামিয়ে নসিমন নিয়ে বাড়ৈখালীর দিকে যাচ্ছিলেন চালক। পথে লস্করপুর নতুন রাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনের চালক ও হেলপার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসচালক বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত দুলাল মনি দাসের ভাই স্বপন মনি দাস বলেন, শিবরামপুর হাট উপলক্ষ্যে কাঠ নিয়ে হাসাড়া এলাকায় গিয়েছিলেন তার ভাই। সেখান থেকে ফেরার পথে বৈশাখী পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ও নসিমনচালক নিহত হন।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।

ব.ম শামীম/এমএমবি