বিজ্ঞাপন

মোটরসাইকেলের পেছনে বিআরটিসি বাসের ধাক্কা, শিক্ষক নিহত

মোটরসাইকেলের পেছনে বিআরটিসি বাসের ধাক্কা, শিক্ষক নিহত

নাটোরে বিআরটিসি বাসের চাপায় রমিজুল করিম (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রমিজুল করিম সিংড়া উপজেলার কলম গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রমিজুল করিম বিকেলে নাটোর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি বিআরটিসি বাস পেছন থেকে তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এসময় ঘাতক বাসটি জব্দ করা হয়। তবে বাসের চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আশিকুর রহমান/এসএইচএ