জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে জুলাই সনদ ঘোষণার ভিত্তিতে গণভোট হয়েছে, সেই একই ভিত্তিতে নির্বাচনও হয়েছে। যদি গণভোট অবৈধ হয়, তাহলে সেই সরকারও অবৈধ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মাঠে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একেক সময় একেক কথা বলেন। একবার বলেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আবার বলেন গণভোট অসাংবিধানিক। একবার বলেন তারা জুলাইয়ের পক্ষে, আবার গণভোটকে অবৈধ বলেন। এই দ্বৈত অবস্থান গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, যে জুলাই ঘোষণার ফলে গণভোট হয়েছে, সেই একই ঘোষণার ফলে নির্বাচন হয়েছে। এক মায়ের দুই সন্তান। যদি এই গণভোট অবৈধ হয়, তাহলে আপনার সরকারও অবৈধ। যদি গণভোট অসাংবিধানিক হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ, বিএনপি সরকারও অবৈধ।
বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আপনারা যদি একই পথে হাঁটেন, আগামীতে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে।
তিনি অভিযোগ করেন, খাল খননের নামে বিএনপির নেতাকর্মীরা অনিয়মে জড়িয়ে পড়েছেন। খাল খনন শুরু করতে গিয়ে টাকা খাওয়া, খালের মাটি খাওয়া, খালের বালু খাওয়া শুরু হয়েছে। এখন শুধু খালটাই খাওয়া বাকি আছে।
সরকারি উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে সারজিস বলেন, রাস্তার কাজ শুরু হওয়ার আগে ঠিকাদারকে নাকি বিএনপির নেতাদের পার্সেন্টেজ দিয়ে আসতে হয়। ১০ বছরের রাস্তা যদি এক বছরে নষ্ট হয়, তাহলে ভোগান্তি সবারই।
প্রশাসনের উদ্দেশে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নেই। বিএনপি আজ আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু জনগণ সবসময় থাকবে। তাই প্রশাসনের কর্মকর্তারা কোনো দলের নয়, জনগণের পক্ষে থাকুন।
তিনি আরও বলেন, এই লড়াই বিএনপি, এনসিপি বা জামায়াতের দলীয় লড়াই নয়। এটি ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়ের লড়াই।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে রাষ্ট্রপতি নিয়ে এখন অনেক কথা হচ্ছে। কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব কী, সেটাই মানুষ জানে না। যারাই রাষ্ট্রপতি হবেন, তারা শেখ হাসিনার কোনো ‘এক্সটেনশন’ হতে পারবেন না।
তিনি বলেন, নতুন রাষ্ট্রপতিকে অবশ্যই ২০১৪, ২০১৮, ২০২৪ সালের হত্যাকাণ্ড ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করার অবস্থানে থাকতে হবে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, সীমান্ত হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। এসব মানদণ্ড পূরণ করতে পারলেই তিনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য।
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তারের দাবি জানিয়ে নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, চুপ্পুর গ্রেপ্তার এই মুহূর্তে দরকার। সরকার যদি তাকে গ্রেপ্তার না করে, তাহলে মানুষ মনে করবে সরকারও একই পথে হাঁটছে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর সদস্য সচিব ইকরাম এলাহী খান, ধোবাউড়া উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান এবং এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল্লাহ প্রমুখ।
সাখাওয়াত সুমন/আরএআর
