বিজ্ঞাপন

সন্ত্রাসের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

সন্ত্রাসের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে তিনি ঢাকা পোস্টকে বলেন, অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারি না, তাই জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি পত্রে বলা হয়, কাজিপুর উপজেলায় সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু রশীদ  রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল ইসলাম, কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অপর পত্রে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত করা হয়েছিল পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও পুনরায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠায় বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

মো. নাজমুল হাসান/এসএইচএ